কামাখ্যা করিডোরের শিলান্যাস, ফের হিন্দুত্বেই আস্থা রাখলেন মোদী

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর রবিবার অসমে কামাখ্যা মন্দির করিডরের শিলান্যাস করে মোদী হিন্দুত্বের রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে গেলেন।
৪৯৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া এই করিডরটি দেশের তৃতীয় বৃহত্তম মন্দির করিডর হবে।
মোদী বলেন, “অযোধ্যার মহা সমারোহের পরে আমি এখানে মা কামাখ্যার দ্বারে এসেছি। এখানে এলে মানুষ অনুভব করেন মায়ের দৈবশক্তি। আমি এই করিডরের শিল্যানাস করতে পেরে অভিভূত।”
এরপর তিনি বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে যাঁরা এই দেশ শাসনের দায়িত্বে ছিলেন, তাঁদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কোনও সম্মান তো ছিলই না, বরং তাঁরা লজ্জিত ছিলেন। ফলে তাঁরা আমাদের দেশের পবিত্র ধর্মস্থানকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন মনে করেননি।”
মোদী আরও বলেন, “ভোটের রাজনীতির জন্য তাঁরা তাঁদের নিজস্ব সংস্কৃতি ও অতীতকে ভুলে গেছেন। এর থেকে ন্যক্কারজনক আর কী হতে পারে!”
হিন্দুত্বের রাজনীতির পাশাপাশি মোদী তাঁর দু’দিনের অসম সফরে ডাবল ইঞ্জিন সরকারের লোকসভা ভোটের প্রচারও চালান। গুয়াহাটির ভেটেরিনারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আগে বিশাল রোড শো করেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসভায় মোদী বিজেপি সরকারের ‘বিকশিত বিকাশ’কে তুলে ধরার পাশাপাশি আত্মপ্রচারেও জনতাকে সম্মোহিত করতে সক্ষম হন।
এই ঘটনার ফলে আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
মোদীর এই পদক্ষেপ কতটা কার্যকর হবে এবং এর প্রভাব কী হবে তা সময়ই বলে দেবে।