বেশি সিট ছাড়া যাবে না নীতীশকে, চাপ চিরাগের! বিহারে বিড়ম্বনায় BJP

লোকসভা ভোট সামনে রাখতে বিহারের রাজনীতিতে নতুন ঘটনাপ্রবাহ। গত রবিবার বিজেপির হাত ধরে এনডিএ জোটে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু এই ‘ঘরওয়াপসি’ নিয়ে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে এনডিএ শিবিরে।
কারণ এনডিএ শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ান অস্বস্তিতে পড়েছেন। সূত্রের খবর অনুযায়ী চিরাগ আসন্ন লোকসভা ভোটে আসন বণ্টন নিয়ে বিজেপির উপর চাপ দিচ্ছেন। তিনি চান নীতীশ যেন কোনওভাবেই বেশি আসন না পান।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেডিইউ যথাক্রমে ১৭ এবং ১৭ টি আসনে লড়েছিল। বাকি ছ টি আসনে ছিল এলজেপি। সূত্রের দাবি অনুযায়ী চিরাগ বিজেপিকে বলেছেন যদি তারা ১৭ টি আসনেই লড়াই করে তবে নীতীশকে কিছু আসন ছাড়তে হবে।
২০১৯ এ বিজেপি ২২ টি আসনে লড়তে চেয়েছিল কিন্তু নীতীশের দাবি মেনে পাঁচ টি আসন ছাড়তে হয়েছিল। বিধানসভা ভোটের পর নীতীশ ও চিরাগের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে ছিল। নীতীশ এলজেপিকে সমর্থন করার জন্য বিজেপিকে দুষেছিলেন।
এবার নীতীশ যদিও এনডিএ তে ফিরে এসেছেন কিন্তু বিজেপি ও এলজেপির সাথে তার সম্পর্ক কী দাঁড়াবে তা দেখার বিষয়। এদিকে ‘ইন্ডিয়া’ শিবির নেতারা দাবি করেছেন নীতীশের যাওয়ায় তাদের কোনও ক্ষতি হবে না।