রঞ্জি ট্রফি: রান পেলেন না পূজারা, প্রেরকের সঙ্গে জাদেজার লড়াইয়ে প্রথম ইনিংস টিকে রইল সৌরাষ্ট্রের

সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। যদিও ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুটা খারাপ হলেও ধর্মেন্দ্রসিং জাদেজা ও প্রেরক মানকড়ের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২০২ রান সংগ্রহ করে তারা।
ওপেনার কেভিন ও বিশ্বরাজ জাদেজা দ্রুত আউট হলেও হার্ভিক দেশাই ২৫ রান করেন। চলতি রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে থাকা চেতেশ্বর পূজারা মাত্র ৩ রানে আউট হন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অর্পিত বাসবদা ১৪ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ধর্মেন্দ্রসিং জাদেজা। তিনি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৭২ রান করে মাঠ ছাড়েন।
সাত নম্বর ব্যাটার প্রেরক মানকড়ও হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫৬ রান করে ক্রিজ ছাড়েন।
চিরাগ জানি, পার্থ ও ক্যাপ্টেন জয়দেব উনাদকাট তেমন কিছু করতে পারেননি। যুবরাজসিং দদিয়া ১২ বলে ১ রান করে নট-আউট থাকেন।
মহারাষ্ট্রের হিতেশ ৯৩ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। তরণজিৎসিং ৫৪ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।