শাহের কাছে রাজ্যপালের নালিশ, শেখ শাহজাহানের অ্যাকাউন্টে নজর ED-র

ঘটনার প্রায় এক মাস পার হলেও সন্দেশখালির প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Shahjahan Shaikh) খোঁজ এখনও মেলেনি।

এদিকে, আদালতের দ্বারস্থ হলেও ইডির ডাকে সাড়া দেননি তিনি।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কেন্দ্রের কাছে কড়া ব্যবস্থার আর্জিও জানিয়েছেন তিনি।

এদিকে, শেখ শাহজাহান সন্দেশখালিতেই আছেন বলে দাবি করেছেন সিপিএম নেতা।

এরপরই তদন্তে গতি বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লেনদেন সংক্রান্ত তথ্য জোগাড়ে নেমে পড়েছেন তদন্তকারী আধিকারিকরা।

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির নজরে এই তৃণমূল নেতা।

মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ সামনে এসেছে।

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এই তৃণমূল নেতার নাম পাওয়া যায়।

এরপরই ঘটনার তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা।

কিন্তু তদন্ত করতে গেলে রীতিমত মার খেয়ে ফিরতে হয় কেন্দ্রীয় আধিকারিকদের।

গত কয়েকদিন আগেও সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Shahjahan Shaikh) বাড়ি যায় ইডি।

তালা ভেঙে ঢুকে চলে তল্লাশি।

কিন্তু কিছুই পাওয়া যায়নি।

তবে দীর্ঘ তদন্তে বেশ কিছু তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

তৃণমূল নেতার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলেও খবর।

আর তাতে কোন সময় কত টাকা পড়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সেই টাকার উৎস কি তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ইতিমধ্যে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটকে একটি চিঠিও ইডির তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পাঠানো হয়েছে তৃণমূল নেতার প্যান এবং আধারের তথ্য।

পাশাপাশি আয়কর দফতরের কাছেও এই বিষয়ে ইডি তথ্য চেয়েছে বলে খবর।