BigNews: প্রাথমিকে ৯৫৩৩ পদে নিয়োগে ফের জটিলতা! ফের মামলা হাইকোর্টে

বুধবার প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই অনুমতি দেন।

মামলাটি দায়ের করেছেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। তারা অভিযোগ করেছেন, তাদের ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও প্যানেলে যুক্ত করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। কিন্তু পর্ষদ সেই নির্দেশ অমান্য করে তাদের প্যানেলে যুক্ত করেনি বলে অভিযোগ।

মামলাকারীদের আইনজীবী জানান, এই মামলার শুনানির সম্ভাবনা শুক্রবার।

উল্লেখ্য, সম্প্রতি ২০২২ সালের টেট প্যানেলে জটিলতা কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা সম্ভব হয়, সেই জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। আর সেই নির্দেশের উপর ভর করেই প্রাথমিকে ৯ হাজার ৫৩৩ জনের প্যানেল প্রকাশিত হয়।

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।