মোবাইল চুরি করে প্রেমিকাকে গিফট, পুলিশ হেফাজতে যুবক

হুগলির পোলবা থানা এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় প্রেমিককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম রাহুল মণ্ডল। পেশায় গাড়ি চালক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগারপাড়া গ্রামে একটি মোবাইলের দোকানে চুরি হয়। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পোলবা থানার পুলিশ তদন্তে নেমে গোটা ছয়েক ফোন চুরি হয়েছে বলে জানতে পারে। এর মধ্যে একটি দামি অ্যান্ড্রয়েড ফোনও ছিল।

চুরি যাওয়া ফোনের IMEI নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ। মহানাদ এলাকাতেই এক তরুণীর কাছে সেই ফোন রয়েছে জানা যায়। তরুণীকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে আসে আসল ঘটনা।

জানা যায়, ওই তরুণীর সঙ্গে রাহুল মণ্ডলের প্রেমের সম্পর্ক রয়েছে। রাহুল প্রেমিকাকে দামি ফোন উপহার দিতেই মোবাইলের দোকানে চুরি করে। এমনকী প্রেমিকার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে তাকেও একটি ফোন উপহার দেয় রাহুল। আর সেই ফোনই তাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে।

রহুলকে আটক করে তার কাছ থেকে বাকি ফোনও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বুধবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অন্যদিকে, পোলবার কামদেবপুর গ্রামে গত ২১ জানুয়ারি আরও একটি মোবাইলের দোকানে চুরি হয়। অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ চন্দননগর নাড়ুয়া রায় পাড়ার যুবক অলোক নাথ মহন্তকে গ্রেফতার করে। বুধবার তাকেও চুঁচুড়া আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গতবছর মালদা থেকে ই-কমার্স সংস্থার দুই ডেলিভারি বয়কে মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মোবাইলও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশের সতর্কবার্তা

পুলিশ মোবাইল চুরি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। মোবাইল কেনার সময় IMEI নম্বর দেখে নেওয়ার পাশাপাশি, মোবাইল হারিয়ে গেলে বা চুরি গেলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।