Budget 2024: কমবে হোটেল ভাড়া-যাতায়াতের খরচ, পর্যটনে নজর দিতে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার

লোকসভা ভোটের আগে আসন্ন বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে পর্যটন শিল্পকে উৎসাহিত করতে বড় বরাদ্দের সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী পর্যটন শিল্পের 2 শতাংশ অংশীদারিত্ব রয়েছে ভারতের কাছে। 2000 সালে যা ছিল মাত্র 0.7 শতাংশ। ঘরোয়া পর্যটনের ক্ষেত্রে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম পর্যটন ব্যবসা রয়েছে ভারতে। 2027-র মধ্যে যা তৃতীয় বৃহত্তম হিসেবে উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, দেশের অর্থনৈতিক উন্নতিতে পর্যটন ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2022-এ টুর-ট্র্যাভেলস ও পর্যটনে GDP বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ। সূত্রের খবর, 2047-র মধ্যে এই ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি এক ট্রিলিয়ান মার্কিন ডলারে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। এতে একদিকে যেমন বিদেশি মুদ্রা অর্জন করা সহজ হবে, পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান।

বিশেষজ্ঞদের দাবি, সেই কারণে আসন্ন বাজেটে পর্যটন শিল্পে পরিকাঠামোগত উন্নতির জন্য বিপুল বরাদ্দ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

টুর-ট্র্যাভেল সংস্থার কর্তা-ব্যক্তিদের কথায়, পর্যটনে উৎসাহ দিতে বাজেটে আয়করে ছাড় দিক সরকার। সেক্ষেত্রে চাকরিজীবীদের বেতনে টেক হোমের পরিমাণ বাড়বে। ফলে বছরে অন্তত দু’বার বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন মধ্যবিত্তরা।

পাশাপাশি, বাজেটে বিমানের জ্বালানির দাম কমাতে বড় ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন টুর-ট্র্যাভেলস সংস্থাগুলি। এছাড়া GST-র পরিমাণ পুনর্বিবেচনার দাবি তুলেছেন তাঁরা। এতে অনেকটাই কমবে হোটেলে থাকার খরচ। ফলে বাড়বে মধ্যবিত্তর বেড়াতে যাওয়ার আগ্রহ।

প্রসঙ্গত, চলতি বছরের 22 জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের দ্বারোঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন তিনি। সেখানে আরব সাগরে জলের গভীরে স্নরকেলিং করেন নমো। এর পরই এই দু’টি জায়গায় বেড়াতে যাওয়া নিয়ে আম জনতার মধ্যে বাড়ছে উৎসাহ।

বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েক বছরে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে অযোধ্য়া ও লাক্ষাদ্বীপ। বিদেশি পর্যটকদের সেরা ডেস্টিনেশন হতে চলেছে আরব সাগরের ওই প্রবাল দ্বীপপুঞ্জ। ফলে এই দু’টি জায়গায় পরিকাঠামো উন্নতির প্রয়োজন রয়েছে। আসন্ন বাজেটে এই দু’টি জায়গার জন্য আলাদা করে বরাদ্দ করতে পারেন নির্মলা সীতারমন, বলছেন তাঁরা।

পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য আসন্ন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বড় বরাদ্দের ঘোষণা করতে পারেন। এই বরাদ্দের মধ্যে থাকতে পারে পরিকাঠামোগত উন্নয়ন, আয়কর ছাড়, বিমানের জ্বালানির দাম কমানোর মতো পদক্ষেপ।