আচমকা বিমানে অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক আগারওয়াল, হাসপাতালে ভর্তি ভারতীয় তারকা

রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা কর্ণাটক অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানে জল পান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করার পর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করেন।
সূত্রের খবর, একটি বোতল থেকে জল পান করেছিলেন মায়াঙ্ক, তারপরই বিমানে অসুস্থ বোধ করেন এই ক্রিকেটার। এমনকী বুকে ব্যথা অনুভব করতে থাকেন। একই অবস্থা হয় দলের ম্যানেজারেরও। তড়িঘড়ি সেই বিমানকে জরুরি অবতরণ করানো হয়। বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় পাশের একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন মায়াঙ্ক। মনে করা হচ্ছে, তিনি যেই বোতল থেকে জল খেয়েছিলেন, সেখানেই বিষাক্ত কিছু ছিল। সেখান থেকেই এমনটা হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে আগরতলা আসে কর্ণাটক। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় মায়াঙ্ক আগারওয়ালের দল। কর্ণাটকের পরবর্তী ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে। সেই জন্যই সুরাটে উড়ে যাচ্ছিল তারা। বিমানে উঠেও পড়ে গোটা দল। গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে বিমানও। কিন্তু বিমান ছাড়তেই অসুস্থ হয়ে পড়েন তারা। এরপরই জরুরি অবতরণ করানো হয় আগরতলায়।
মায়াঙ্কের এই অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। তবে স্বস্তির খবর হল, আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন তিনি।