মাঝরাতে ম্যারেজ হলে বাজছে ডিজে! কড়া পদক্ষেপ পুলিশের

রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি এলাকায় বিয়ের মরশুমে ডিজে বাজিয়ে শব্দদূষণের অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। রবিবার রাত ১২টার পর একটি ম্যারেজ হলে ডিজে বাজানো বন্ধ করে দেন রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ওসি নাসরিন সুলতানা। লজ ও ডিজে-র মালিককে ডেকে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে ডিজে বাজিয়ে শব্দদূষণের কারণে তারা চরম অসুবিধায় পড়ছেন। ঘুমের ব্যাঘাত তো হয়ই, পাশাপাশি বয়স্কদের অসুস্থতাও বেড়েছে। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা খুশি।

ওসি নাসরিন সুলতানা বলেন, “কোনও ভাবেই কোথাও কোনও সময়ের জন্যই ডিজে বাজানো চলবে না। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময়ে তারস্বরে মাইক বাজানো, বাজি-পটকা ফাটানো সরকারি ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ না মানলে পুলিশ প্রাথমিক ভাবে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু পরে একই ভুল করলে কড়া পদক্ষেপ করা হবে।”

পুলিশের এই পদক্ষেপের ফলে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ডিজে বাজিয়ে শব্দদূষণের হার কমবে বলে আশা করা হচ্ছে।