মঞ্চে আবৃত্তি করার মাঝেই হঠাৎ অজ্ঞান! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কবিতা পাঠকের

উত্তরাখণ্ডের উধম সিং নগরের পন্তননগর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেনাদের সম্মানে একটি কবিতা পাঠ আসরের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে কবিতা পাঠ করছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মী সুভাষ চতুর্বেদী।

সুভাষ সবেমাত্র কবিতার কয়েকটি লাইন পাঠ করেছেন, সেই সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ক্যাম্পাসের মধ্যে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে রেফার করা হয় জেলা হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা সুভাষকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মঞ্চে কবিতা পাঠ করছেন সুভাষ। হঠাৎ মাটিতে পড়ে যেতে দেখা যায় তাঁকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষ চতুর্বেদীর বয়স ছিল ৬২ বছর। তিনি উত্তর প্রদেশের মথুরার বাসিন্দা। ১৯৭৪ সালে পান্তনগর কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারি হিসেবরক্ষ হিসেবে যোগদান করেছিলেন।

মৃতদেহটি ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে মথুরায় শেষকৃত্য হয়েছে।

সম্প্রতি ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। বয়স্কদের পাশাপাশি কম বয়সীরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি মানসিক চাপ থেকে হৃদরোগের মতো ঘটনা ঘটছে।