‘বালুরঘাটের সমস্ত স্কুলকে কাল ছুটি দিয়ে দিন’, নির্দেশ মমতার

বালুরঘাটের স্কুলগুলিতে বুধবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বালুরঘাটের একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কন্যশ্রীর বন্ধুরা আছেন না চলে গিয়েছেন। স্কুল আছে তো কাল সকালে? কালকে কী বার, বুধবার। কাল তোমাদের কোনও পরীক্ষা নেই তো? তোমাদের স্কুলে কি ছুটি পড়েছে? মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য। মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে। কাল থেকে? বৃহস্পতিবার থেকে? তাহলে কালকে বুধবার, যে সব স্কুলগুলো আজকে জয়েন করেছে, বালুরঘাটের সমস্ত স্কুলকে কাল ছুটি দিয়ে দিন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ওদের… অনেকটা যেতে হবে। বৃহস্পতিবারের পরিবর্তে তোমরা কাল থেকেই ছুটি পেয়ে গেলে।’
এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তোমরা ভালো করে পড়ো। তোমাদের আগামী দিনে অনেক ভালো করতে হবে।”
এছাড়াও, মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেব। যাতে তারা আইএএস, আইপিএস হতে পারে। সংখ্যালঘু ভাইবোনদের জন্য আমরা ৩ লাখ মেধাশ্রী দিয়েছি। আমরা দুর্গাপুজো থেকে শুরু করে ইদ থেকে শুরু করে সব উৎসব পালন করি। আমরা এনআরসি এখানে করতে দেব না। বিএসএফ সীমান্তে অত্যাচার করছে। বিএসএফ কার্ড বিলি করছে। বলছে এই কার্ড নিতে হবে। কিন্তু আমরা এই কার্ড নিতে দেব না।”
এর আগে রায়গঞ্জের এক অনুষ্ঠানে এনআরসি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্র আবার বলছে এনআরসি করবে, অভিন্ন দেওয়ানি বিধি করব, বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। বর্ডার এলাকায় বিএসএফ বলছে তাদের কার্ড নিতে হবে। ওদের বলবেন তোমার এক্তিয়ার নেই, এটা রাজ্য সরকারের এক্তিয়ার। বলবেন আমাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমরা সবাই এই দেশের নাগরিক।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কীভাবে? এগুলো মিথ্যা বলছে, আপনারা সকলে ইতিমধ্যেই নাগরিক। মনে রাখবেন আপনারা সকলে নাগরিক। আমরা বাংলায় কিছুতেই এআরসি চালু করতে দেব না, আগেও দিইনি, এখনও দেব না।”