মেসোর বাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যুবকের দেহ, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? শুরু তদন্ত

নদিয়ার ফুলিয়ায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে প্রফুল্ল নগরের রেলগেটের কাছে। মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস (২৬)। তিনি নদিয়ার আরংঘাটার রাধাকান্তপুরের বাসিন্দা।
জানা গেছে, সুজয় বিশ্বাস দুদিন আগে মা ও বাবার সঙ্গে ফুলিয়ার প্রফুল্ল নগরের মেসোর বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে বেড়াতে এসেছিলেন। ঘটনাক্রমে রেললাইনের একেবারে পাশেই তার মেসোর বাড়ি।
সোমবার দুপুর ১১টার দিকে ওই রেললাইনের উপর দিয়ে যাচ্ছিল আপ ট্রেন। পরিবারের দাবি, চোখের নিমিষেই সুজয় বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের উপরে চলে যান। এত দ্রুত যে সবকিছু ঘটে যাবে তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা। এরপর ট্রেনের ধাক্কায় সুজয় বিশ্বাসের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজয় বিশ্বাস মানসিক ভারসাম্যহীন। সেই কারণে দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছে।
এদিকে, ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে সুজয় বিশ্বাস ট্রেনের সামনে চলে এলেন? এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।