শেষ হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেরা অভিনেতার পুরস্কার পেলেন অঞ্জন দত্ত

বাংলাদেশের রাজধানী ঢাকায় শেষ হল দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়।
উৎসবে জুরি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অন্যান্য সিনেমার সঙ্গে দেখানো হয় অঞ্জন দত্তর পরিচালিত ‘চালচিত্র এখন’। ওই উৎসবে মাস্টারক্লাসেও হাজির ছিলেন তিনি। সেখানেই সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত।
ওই উৎসবে সবার নজর কেড়েছে ‘চালচিত্র এখন’। মৃণাল সেনের জীবন ভিত্তিক ‘চালচিত্র এখন’ সিনেমা তৈরি করেছেন অঞ্জন দত্ত। ওই সিনেমায় মৃণাল সেনার চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এই সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত।
ওই উৎসবে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের সেরা সিনেমা হয়েছে চিনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। শ্রীলঙ্কার সিনেমা ‘হুইসপেরিং মাউন্টেইনস’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জগথ মনুয়ারা। সেরা অভিনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে বাদেমাকে। ‘দ্য কর্ড অব লাইফ’-এ অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।
অস্কারে মনোনয়ন পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমা পেয়েছে অডিয়েন্স অ্যাওয়ার্ড। আর স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ের পরে’। এশিয়ান কমপিটিশন বিভাগে স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের ‘হ্যাপিনেস’। স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী হয়েছেন আফরিন খানম।
এছাড়াও বাংলাদেশ প্যানারোমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতেছে পার্থ প্রসাদের ‘সাবিত্রী’ এবং বাংলাদেশ প্যানারোমায় ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে ফিফরোস্কি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’। চৈতালি সমাদ্দারের ‘মুক্তি’ সিনেমাও পেয়েছে বিশেষ পুরস্কার।