‘১ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ২ তারিখে ধরনায় বসব,’ কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে কড়া বার্তা মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে আরও কঠোর অবস্থান নিলেন। ১ ফেব্রুয়ারি পর্যন্ত দাবি পূরণ না হলে, ২ তারিখ থেকে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন তিনি।
মঙ্গলবার রাজ্যের রাজবংশী সম্প্রদায়ের জন্য ২০০ স্কুলকে সরকারি স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “কেন্দ্র আমায় টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমার ১ তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমি নিজেও অনেকবার সাক্ষাৎ করে এসেছি। না হলে ২ তারিখ আমি নিজে ধরনায় বসব। আর সার বুথে বুথে আন্দোলন চলবে। আর যাঁরা এখনও ১০০দিনের কাজের টাকা পাননি,তাঁদের নিয়ে, আর ১১ লাখ লোক যাঁদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, একদিন তাঁদের সবাইকে ডাকব। আমি সামনাসামনি কথা বলে, আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব।”
বিনামূল্যের রেশন নিয়ে নাম না করে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা বিনামূল্যে রেশন দিই। আর ভোটের আগে এরা বলে ৫ কেজি করে দেব। এতদিন দিলে না কেন? কোভিডের সার্টিফিকেটে ছবি লাগিয়ে দিয়েছে। কিন্তু রেশন বন্ধ করে দিয়েছে। সেটাও আমাদের দিতে হবে।”
মণিপুর হিংসার ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে বলত আমি নাকি দুর্গাপুজো করতে দিই না সরস্বতী পুজো করতে দিই না। আর দেখুন মণিপুরে ২০০ চার্চ জ্বালিয়ে দিয়েছে। মহিলারা কাঁদছেন। তাই জন্য বলল, সারাজীবন মেয়েদের নিরাপত্তা আমাদের। সারাজীবন কৃষকদের নিরাপত্তা আমাদের, সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের। মনে রাখবেন আজ যেভাবে উত্তরবঙ্গ উন্নত হয়েছে…, আগে কেউ আসত না, তাকিয়েও দেখত না।”
অন্যদিকে, সীমান্ত অঞ্চলে বিএসএফ-কে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সীমান্ত অঞ্চলে বিএসএফ পৃথক পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করছে। আর মানুষকে নেই কার্ড না নেওয়ার বিষয়েও সচেতন করে দেন মমতা। সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতার বার্তা, ওই পরিচয়পত্র নিলে তাঁরা এনআরসির-র আওতায় পড়ে যাবেন।”