রঞ্জি ট্রফি: ক্যাপ্টেনের অসাধারণ একক লড়াইয়ে জয়ী দিল্লি, হিম্মত সিংয়ের অনবদ্য ১৯৪

মোহালিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দিল্লি প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৪৭ রানে। যশ ধুলের ৪৭ ছাড়া প্রথম ইনিংসে বলার মতো রান করতে পারেননি দিল্লির আর কোনও ব্যাটসম্যান। শূন্য রানে আউট হন প্রিন্স যাদব ও ক্যাপ্টেন হিম্মত সিং।
পালটা ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে ২৩৯ রানে অল-আউট হয়। প্রথম ইনিংসে উত্তরাখণ্ডের আদিত্য তারে ৮৩, অবনীশ সুধা ৬৪ ও স্বপ্নিল সিং ৪৭ রান করেন। দিল্লির নভদীপ সাইনি ৪টি ও হৃত্বিক শোকিন ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসের নিরিখে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দিল্লি। তারা ১১ রানে ৫ উইকেট হারানোর পরে উইকেটকিপার লক্ষ্যয়কে সঙ্গে নিয়ে হিম্মত সিং ভরাডুবির হাত থেকে উদ্ধার করেন দিল্লিকে। দু’জনে মিলে যোগ করেন ১৮২ রান। শেষে লক্ষয় আউট হন ৪৩ রানে। হিম্মত নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ২৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১৭ বলে ১৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন।
দিল্লি ৯ উইকেটে ২৬৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করলে প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য উত্তরাখণ্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৩ রানের। তবে শেষ ইনিংসে উত্তরাখণ্ড অল-আউট হয় ১৬৫ রানে। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় দিল্লি।
হিম্মত সিংয়ের অসাধারণ একক লড়াইয়ের ফলে দিল্লি এই ম্যাচ জিতে নেয়। হিম্মত সিংয়ের এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা হন।