চোটের কারণে টিম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে বড় রদবদল, সুযোগ পেলেন সরফরাজ

বিরাট কোহলি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন প্রথম ২টি টেস্ট থেকে। এরপর হায়দরাবাদ টেস্টের পর রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলও ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে।
রবীন্দ্র জাদেজা হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না। লোকেশ রাহুল ডান উরুতে (কোয়াডরিসেপসে) ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তাই তিনিও ভাইজ্যাগে মাঠে নামতে পারবেন না।
দুই সিনিয়র তারকা চোট পাওয়ায় অবশেষে শিকে ছেঁড়ে সরফরাজ খানের ভাগ্যে। মুম্বইয়ের তারকা মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খানকে লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে জাতীয় টেস্ট স্কোয়াডে জায়গা করে দেন অজিত আগরকররা।
উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমারকে রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা করে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়লেন স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
আবেশ খান প্রথম ২টি টেস্টের স্কোয়াডে থাকলেও তাঁকে রঞ্জি খেলার জন্য ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট।