SPORTS: “আমি এরচেয়ে ভাল সুইপ এবং রিভার্স সুইপ দেখিনি”-পোপে মুগ্ধ দ্রাবিড়, করলেন ভূয়সী প্রশংসা

হায়দরাবাদে ইনিংস ব্যবধানে জেতার সুযোগ তৈরি করেও সিরিজের প্রথম টেস্ট হাতছাড়া হয়েছে ভারতের। কেননা বোলিংয়ে স্বাগতিকদের দুঃখ ওলি পোপ। আর টম ব্যাটিংয়ে হার্টলি। তবে ব্যাট হাতে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন পোপই।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন পোপ। তার ব্যাটে ভর করে স্বাগতিকদের ২৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বেন স্টোকসের দল। তবে রান তাড়ায় ২০২ রানেই গুটিয়ে মেন ইন ব্লুজরা। ইংল্যান্ডের জয় ২৮ রানে।
ভারতে আসার আগেই ইংলিশ সহ-অধিনায়ক ওলি পোপ বলেছিলেন, স্বাগতিকরা স্পিন সহায়ক উইকেট করলে তাতে আপত্তি নেই তার। পোপ যে প্রস্তুত হয়ে এসেছেন, সেটা বোঝা গিয়েছিল ঐ মন্তব্যেই। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে একাই করেছেন ১৯৬ রান। দলকে জয়ের ভিতও এনে দিয়েছিলেন তিনি। রাহুলের চোখ সেই ওলি পোপের দিকেই।
স্পিনের বিপক্ষে পোপের টানা সুইপ শট নজরে এসেছে দ্রাবিড়ের, ‘অতীতে অনেককেই সুইপ খেলতে দেখেছি। কিন্তু বার বার রিভার্স সুইপ বেশ কঠিন। আর এত ক্ষণ ধরে সেটা খেলে যাওয়া! পোপের প্রশংসা করতেই হবে। খুব ভাল ব্যাট করেছে ও। আমি এরচেয়ে ভাল সুইপ এবং রিভার্স সুইপ এই কন্ডিশনে, এমন স্পিনের বিপক্ষে আগে দেখিনি।’
তবে পরের টেস্টেই ওলি পোপকে ভোগানোর প্রত্যাশা কোচ দ্রাবিড়ের, ‘আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ দিক হলো আমরা এর বিপরীতে কিছু পরিকল্পনা এবং কৌশল নিয়ে এগুবো আর দেখব কিভাবে এই শটগুলো তার জন্য ভিন্ন লেন্থে আরও একটু কঠিন করে তোলা যায়। আর আমাদের কৌশল প্রয়োগে আরেকটু নিখুঁত হওয়া যায়। আশা করি পরের টেস্টে কৌশল প্রয়োগ ঠিক থাকলে, সে (ওলি পোপ) কিছু একটা ভুল করবে।’