ঋণের জালে আরও জড়াবে “কাঙাল” পাকিস্তান, চিনের কাছে ফের সাহায্য চাইলো প্রতিবেশী রাষ্ট্র

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা পাকিস্তান ফের চিনের কাছে হাত পেতেছে। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার একটি চিঠির মাধ্যমে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে অনুরোধ করেছেন যে, আগামী ২৩ মার্চ চিন থেকে নেওয়া ঋণ জমা করার টাইম লিমিট শেষ হতেই যাতে সেই লোন ফের নেওয়া যায়।

পাকিস্তান ইতিমধ্যেই চিনের কাছ থেকে চার বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। যার ফলে বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে দেশের ওপর ক্রমবর্ধমান চাপ কমেছে। এছাড়াও, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থানও স্থিতিশীল হয়েছে।

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরশাহী (UAE) পাকিস্তানের দুই বিলিয়ন ডলারের ঋণ প্রত্যাহার করে নিয়েছে। এতে পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে।

পাকিস্তানের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে ১.২ বিলিয়ন ডলারের শেষ লোনের কিস্তির জন্য আলোচনার ক্ষেত্রে এই মাসে একটি নতুন মিশন পাঠাতে অনুরোধ করেছিল।

পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, যদি তাঁর দল অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) নির্বাচনে জয়ী হয়, সেক্ষেত্রে সরকার গঠনের পর নতুন IMF কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, তিনি আরও বলেন, যদি তাঁর দল IMF কর্মসূচিতে অংশ না নেয়, সেক্ষেত্রে অবিলম্বে সংস্কার সংক্রান্ত কাজ করা হবে।

পাকিস্তানের অর্থনৈতিক সংকট ক্রমেই তীব্র হচ্ছে। দেশটিকে আর্থিকভাবে টেকসই করতে হলে IMF-এর সঙ্গে একটি নতুন কর্মসূচির আওতায় আসা ছাড়া বিকল্প নেই।