দুর্গাপুজোয় অনুদান দেবে মোদী সরকার! তালিকায় রাজ্যের ৩৫ টি ক্লাব, জেনেনিন কত টাকা?

গত বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান বৃদ্ধির পর এবার কেন্দ্রীয় সরকারও রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, কেন্দ্র সরকার ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে ক্লাবগুলিকে সাহায্য প্রদান করবে। তবে রাজ্যের সমস্ত ক্লাব এই অনুদান পাবে না। কেবল মাত্র ৩৫টি ক্লাব পাবে এই সাহায্য।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর তৃণমূল কংগ্রেস সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী বলেন, “আমাদের দেখানো পথেই বিজেপিকে হাঁটতে হবে। তবে কীসের ভিত্তিতে ৩৫টি ক্লাব বাছাই করা হয়েছে তা জানা নেই। ক্লাবগুলির নাম শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার ঠিক করে দিয়েছেন তা দেখতে বলুন।”

বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যও এই প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় সরকার যখন ৩৫টি ক্লাবকে চিহ্নিত করেছেন তখন নিঃসন্দেহে কিছু গাইডলাইনস রয়েছে। কেন্দ্র যেটা করছে সেটা নির্দিষ্ট আঙ্গিকে করছে।”

সূত্রের খবর, আজ দুপুরের দিকে এই অনুদান দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোট ৩৫টি ক্লাবের হাতে এই অনুদান তুলে দেওয়া হবে। এক সামাজিক সংগঠন মারফত সেই অর্থ পৌঁছে যাবে ক্লাবগুলির কাছে। জানা যাচ্ছে কলকাতার তিনটি নামী পুজোকেও অনুদান দেওয়া হবে। তবে সেই ক্লাবগুলির নাম জানা যায়নি।

বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “রামই দুর্গাপুজো শুরু করেন বাংলায়। অকাল বোধনই আসল বোধন। তাই অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পরই বড় সিদ্ধান্ত নেওয়া হল।”

লোকসভার আগে এভাবে বাংলার ক্লাবগুলোকে অনুদান দেওয়ার খবরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে বিজেপির রাজনৈতিক চাতুরি বলে মনে করছে। অন্যদিকে, বিজেপি বলছে, এই সিদ্ধান্তটি নির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে নেওয়া হয়েছে।