বিশ্বব্যাঙ্কের টাকায় গঙ্গায় ১৫টি আধুনিক জেটি, শিগ্রই শুরু হবে পরিষেবা

সড়কপথে যানবাহনের চাপ কমাতে জলপথ পরিবহণকে চাঙ্গা করতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় কলকাতা এবং তার আশপাশের শহরতলির বিভিন্ন গঙ্গার ঘাটে অত্যাধুনিক জেটি নির্মাণ করবে পরিবহণ দপ্তর।

গঙ্গার দুই পাড়ে মোট ১৫টি নতুন ভাসমান জেটি তৈরি হবে। এর মধ্যে রয়েছে উত্তর ব্যারাকপুরের বাবাজি ফেরিঘাট, বৈদ্যবাটির কানাইদিওয়ার ফেরি ঘাট, ভাটপাড়ার আঠপুর ঘাট, চন্দননগরের গোন্দলপাড়া, হাওড়ার বালি ঘাট, উত্তর চব্বিশ পরগনার বরানগর, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়ার সাঁকরাইলের পোদরা, কলকাতার রাজাবাগান ঘাট, হুগলির চুঁচুড়ার চাঁদনি ঘাট, তামলিপাড়া ও হুগলি ঘাট, হালিশহরের জুটমিল ঘাট, এছাড়া মেটিয়াবুরুজ জেটি ঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার পুজালি ঘাট।

পুরোনো জেটিগুলির আমূল সংস্কার করা হবে। যাত্রীদের বসার জন্য থাকবে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া। শৌচালয়ও বানানো হবে। অগ্নিকাণ্ড ঠেকাতে ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে। যাত্রী নিরাপত্তার জন্য গ্যাংওয়ে এবং পাথওয়ের দু’পাশে স্টিলের ব্যারিকেড দেওয়া থাকবে। প্রতিবন্ধীরাও যাতে লঞ্চে যাতায়াত করতে পারেন তার জন্য সিঁড়ির বদলে র‍্যাম্প তৈরি করা হবে।

এছাড়াও, বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় মোট ১৩টি ইলেকট্রিক ফেরি কিনতে চলেছে রাজ্য। তার মধ্যে সাতটি নন এসি এবং বাকিগুলো এসি ডেকযুক্ত। এর ফলে জলপথের প্রতি লোকে বেশি করে আকৃষ্ট হবেন বলে মনে করছেন পরিবহণ দপ্তরের কর্তারা।