মন্দিরে বড়সড় দুর্ঘটনা! ধর্মীয় সংকীর্তনের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে মৃত ১, আহত একাধিক

শনিবার গভীর রাতে দিল্লির কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। মাতা জাগরণ অনুষ্ঠানের সময় মঞ্চ ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন।

অতিরিক্ত ভিড়ের কারণে মঞ্চ ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে।

কালকাজি মন্দিরের মোহন্ত পরিষদে মাতা জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত ২৬ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে এবার অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

রাত সাড়ে ১২টার দিকে প্রায় ১৫০০-১৬০০ লোকের ভিড় জমে সেখানে। আয়োজক এবং ভিআইপিদের পরিবারের থাকার জন্য মূল মঞ্চের কাছে একটি উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল। প্ল্যাটফর্মটি কাঠ এবং লোহার ফ্রেম দিয়ে তৈরি। রাত সাড়ে ১২টা নাগাদ অতিরিক্ত ভিড়ের চাপে প্ল্য়াটফর্মটি নীচের দিকে কাত হয়। এতে মঞ্চের নীচে বসে থাকা কয়েকজন আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত ১৭ জনকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এইমস ট্রমা সেন্টার, সফদরজং হাসপাতাল এবং ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। উদ্ধারকাজ চালাতে গিয়ে সামান্য চোট পান দমকল বাহিনীর কয়েক জন সদস্য। ৪৫ বছর বয়সী এক মহিলাকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আয়োজকদের বিরুদ্ধে IPC-এর ৩৩৭/৩০৪A/১৮৮ ধারায় মামলা দায়ের করা হচ্ছে।