পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ১৮ মাসে বছর! ক্ষোভ প্রকাশ করলেন মমতা

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশকর্মীদের প্রথম রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপরতলার আধিকারিকদের একাংশের কাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে। কিন্তু এদের ১৮ মাসে বছর। নিচুতলার কর্মীদের কাজ করতে এত অনীহা, যে ভীষণ সময় নষ্ট করে। সঙ্গে সঙ্গে কাজটা করলে প্রতি বছর ১০ শতাংশ হোমগার্ড থেকে কনস্টেবলে চলে আসে এবং তাতে পুরো কোটাই শেষ হয়ে যায়।”

মুখ্যমন্ত্রী বলেন, “নিয়োগ যখন করেছি, তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের। সিভিক এবং ভিলেজ পুলিশের আলাদা পোশাক থাকলেও আগামী দিনে সকলকে পুলিশের পোশাক দেওয়া উচিত।”

সিভিক ও ভিলেজ পুলিশের বিভিন্ন দাবিদাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এখন না পারলেও আগামী ছ’মাসের মধ্যে কিছু টাকা জমিয়ে অবশ্যই কিছু করার চেষ্টা করব।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বুঝতে পারছি যে, তিনি আমাদের দাবিদাওয়ার গুরুত্ব বুঝেছেন। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন।”