ঘরের ভিতর ঘাপটি মেরে বসে ছিল চিতাবাঘের ছানা, দরজা খুলতেই যা ঘটল…

শনিবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের খরিয়াবন্দর বস্তি এলাকার এক বাড়িতে ঘরে ঢুকে পড়ে চিতাবাঘের ছানা। বাড়ির কর্তা রতন সূত্রধরের মা রান্নাঘরের দরজা খুলতে গিয়ে টেবিলের নিচে বসে থাকা ছানাটি দেখেন। আওয়াজ পেয়ে ছানাটি তর্জন গর্জন করে উঠে ঘরের ভিতর ঘুরে বেড়াতে শুরু করে।

রতন সূত্রধর জানান, প্রথমে তারা ভেবেছিলেন বিড়ালের বাচ্চা হতে পারে। পরে ভাল করে দেখে বুঝতে পারেন চিতাবাঘের ছানা। তিনি বলেন, “আমি বাড়িতে ছিলাম না, দোকানে গিয়েছিলাম। আমার মা রান্নাঘরের বাইরে পরিষ্কার করছিল। হঠাৎ টেবিলের নিচে পরিষ্কার করতে গিয়ে তো চোখ কপালে ওঠে। দেখে চিতাবাঘটা বসে আছে। একেবারে ছোট। তবে এমন আওয়াজ করেছে মা ভয় পেয়ে গিয়েছে। তারপর বাড়ির লোকজনকে ডাকে। আমাকেও ফোন করা হয়। বাড়ি এসে দেখি ভিড় এখানে।”

রতন সূত্রধরের দাবি, চিতাবাঘের খুবই উপদ্রব এই এলাকায়। এর আগেও এসেছিল চিতাবাঘ। একবার মুদির দোকানঘরে ঢুকে তছনছ করে বলে দাবি তাঁর। বাড়িতে বাচ্চা বুড়ো আছে। নিরাপত্তাহীনতায় ভোগেন সকলে।

বনকর্মীরা এসে দীর্ঘ সময় চেষ্টার পর খাঁচাবন্দি করে চিতাবাঘের ছানাটিকে। চিতাবাঘের উপদ্রব নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। বনদফতরকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।