শিকারের নতুন কৌশল, বনের রাজা সিংহের শিকার পদ্ধতি বদলে দিল খুদে পিঁপড়ে, গবেষণায় চমক

বনের রাজা সিংহ। তার হাঁকেডাকে কাঁপে বন। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই সিংহের শিকার কৌশলে পরিবর্তন এসেছে। এর কারণ একটি ছোট্ট পিঁপড়ে!
গবেষণার ফল থেকে জানা গেছে, কেনিয়ার সাভানায় এক প্রজাতির আক্রমণাত্মক পিঁপড়ের কারণে সিংহের শিকার কৌশলে পরিবর্তন এসেছে। এই পিঁপড়েরা স্থানীয় একাশিয়া গাছের পিঁপড়েদের মেরে ফেলেছে। একাশিয়া গাছের পিঁপড়েরা তৃণভোজী প্রাণীদের এই গাছগুলো থেকে দূরে রাখত। কিন্তু পিঁপড়েদের হারিয়ে যাওয়ায় তৃণভোজী প্রাণীরা এই গাছগুলো খেয়ে ফেলছে। এর ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে।
গাছের সংখ্যা কমে যাওয়ায় সিংহের শিকার করা কঠিন হয়ে পড়ছে। কারণ সিংহরা সাধারণত জেব্রা এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের শিকার করে। কিন্তু গাছের আড়ালে লুকিয়ে থেকে অতর্কিতে আক্রমণ করার সুযোগ পাচ্ছে না তারা।
গবেষণায় দেখা গেছে, বড় মাথার পিঁপড়েদের কারণে সিংহের দ্বারা জেব্রা হত্যা তিনগুণ কমে গেছে।
গবেষণার প্রধান লেখক ওয়াইমিং বিশ্ববিদ্যালয়ের ডগলাস কামারু বলেন, “এই গবেষণাটি বাস্তুতন্ত্রের জটিলতা প্রদর্শন করে। একটি ছোট্ট পরিবর্তন পুরো বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে।”
জলবায়ু পরিবর্তনও এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। উষ্ণ আবহাওয়ার কারণে সিংহের শিকার করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা এখন দলবদ্ধ হয়ে বড় মহিষ শিকার করছে।
গত বছর নভেম্বরে অন্য একটি গবেষণায় দেখা গেছে, উষ্ণতা বৃদ্ধির ফলে চিতার শিকারের অভ্যাসও বদলে গেছে। চিতা সাধারণত দিনের সময় শিকার করে। কিন্তু উষ্ণ আবহাওয়ার কারণে তারা এখন ভোর ও সন্ধ্যার দিকে বাধ্য হয়েছে শিকার করতে।