ভক্তদের ভিড়ে বিশ্বসেরা হওয়ার দৌড়ে অযোধ্যা! পরিস্থিতি সামালাতে নেওয়া হলো বড় পদক্ষেপ

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্তদের ঢল নেমেছে। মন্দিরের সামনে মধ্যরাত থেকেই লাইন দিয়ে থাকে মানুষজন। একই সাথে গাড়ির ভিড়ও বাড়ছে অযোধ্যায়। ভিড় নিয়ন্ত্রণ করতে নাজেহাল উত্তরপ্রদেশ পুলিশ।
পর্যটক ও পূণ্যার্থীর সংখ্যা দিনদিন আরও বাড়বে বলেই ধারণা মন্দির কর্তৃপক্ষের। তাই এবার ভিড় নিয়ন্ত্রণের জন্য আগেভাগে পদক্ষেপ নিতে চলেছে সরকার।
কেন্দ্র সরকার প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। অযোধ্যাকে সামনে রেখে ৬৮ কিলোমিটার বাইপাস তৈরি করা হবে। ৪ থেকে ৬ লেনের এই হাইওয়ে লখনউ, বাস্তি, গোন্ডা জেলার ওপর দিয়ে যাবে।
গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রানপ্রতিষ্ঠা হয়। পুজো সম্পন্ন হওয়ার পরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তারপর থেকেই গোটা মন্দির চত্বরে গিজগিজ করছে রাম ভক্তরা। প্রথম দিন তো কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও সামনে আসে।
ভিড় সামাল দিতে কেন্দ্রের নতুন প্রকল্পের মোট দুই ভাগে হবে কাজ। উত্তর অযোধ্যা ও দক্ষিণ অযোধায় ভাগ করে করা হবে কাজ। মন্দির উদ্বোধনের পর থেকেই যেভাবে ট্রাফিকে চাপ বাড়ছে তাতে আগামী দিনে অযোধ্যায় গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা প্রশাসনের।
এই মুহূর্তে দৈনিক প্রায় ৮৯ হাজার ২৩ টি গাড়ি যাতায়াত করছে অযোধ্যায়। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা প্রশাসনের। গাড়ির ঢেউ সামলাতেই তৈরি হবে এই হাইওয়ে রাস্তা।
পিপিপি মডেলে তৈরি হবে ৪ বা ৬ লেনের পথ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রাস্তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
নতুন বাইপাস রাস্তা তৈরি হলে অযোধ্যা শহরের ভেতরে গাড়ির চাপ কমবে। এতে ভক্তদের মন্দিরে যাওয়া সহজ হবে। পাশাপাশি, স্থানীয়দের যাতায়াতও সুবিধা হবে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “নতুন বাইপাস রাস্তা তৈরি হলে অযোধ্যায় পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন হবে।”