OMG! টুথপিক ভেজে খাওয়ার চল ট্রেন্ডিংয়ে, খেয়ে অনেকে বলছেন— ‘সেই স্বাদ’

টুথপিক সাধারণত দাঁতের ভেতর জমে থাকা খাবার বের করতেই কাজে লাগে। এই টুথপিক কখনো খাওয়ার কথা ভেবেছেন কেউ? অবাক হলেও এই চল (ট্রেন্ড) শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

গরম তেলে টুথপিক ভেজে তাতে চিজ মাখিয়ে খাচ্ছেন তারা। কেউ কেউ এই খাওয়ার ভিডিও আবার সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক ও ইনস্টাগ্রামেও পোস্ট করছেন। কেউ কেউ আবার এটা কীভাবে রান্না করতে হবে— সেই তরিকাও বাতলে দিচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

একাধিক ভিডিওতে দেখা গেছে, টুথপিক তেলে ভেজে খাচ্ছেন কোরিয়ানরা। অনেকে এর সঙ্গে পাউডারড চিজ ব্যবহার করছেন। আবার কেউ কেউ টুথপিক রঙিন করে তুলতে সবুজ রঙও মেশাচ্ছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এগুলো লম্বা চিপসের মতো দেখতে।

মূলত কোরিয়ার এই টুথপিক তৈরি হয় এক প্রকার শর্করা দিয়ে। এটি পরিবেশবান্ধব এবং কোরিয়ার রেস্তোঁরাগুলোতে হরহামেশাই এটি ব্যবহৃত হয়। এটি হাতে লেগে থাকা খাবার তুলতেও ব্যবহার করা যেতে পারে।

ভাইরাল ভিডিওগুলোতে বিচিত্র সব ক্যাপশন দিচ্ছেন কোরিয়ান নেটিজেনরা। এক টিকটক ব্যবহারকারী তাঁর শেয়ার করা ভিডিও ক্যাপশনে লেখেন, টুথপিক ভাজা খেতে বেশ মচমচে ও সেই স্বাদ।

তবে এ নিয়ে চিন্তায় পড়েছে দেশটির স্বাস্থ্য ও ওষুধ প্রশাসন। তারা বলছে, এটি স্বাস্থ্যকর কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দেশটির স্বাস্থ্য ও ওষুধ প্রশাসন বলেছে, এটি নিরাপদ কি না— তা এখনো জানা যায়নি। তাই টুথপিক না খাওয়ার জন্য ঐ পোস্টে আহ্বান জানানো হয়েছে।