সেনা আধিকারিক পরিচয় দিয়ে মাংস অর্ডার করে প্রতারণা, হাজার হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ীরা!

শিল্প শহর হলদিয়ায় প্রতারণার নতুন পন্থা অবলম্বন করছে প্রতারকরা। সেনা আধিকারিকের পরিচয় দিয়ে স্থানীয় দোকানে মাংস অর্ডারের নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে হলদিয়ার কদমতলা এলাকার মাংস বিক্রেতাদের ফোনে ২০ কেজি মাংস অর্ডার সংক্রান্ত ফোন আসছে। সেনা আধিকারিকের পরিচয় দিয়ে মাংসের অর্ডার দেওয়া হচ্ছে সেই ফোন কলে। মাংস বিক্রেতারা সেনা আধিকারিকের পরিচয় শুনে মাংস প্রস্তুত করে ফেলেন। কিন্তু, মাংস নিয়ে যাওয়ার জন্য ফোন করা হলে পেমেন্ট জন্য মাংস বিক্রেতাদের কাউকে তিন হাজার আবার কাউকে ৩৮০০ টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠালে দ্বিগুণ টাকা সহ মাংসের দাম পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

কয়েকজন ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পড়ে টাকা পাঠিয়ে দেন। কিন্তু, পরে বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। তারা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

এক মাংস বিক্রেতা মনোরঞ্জন পাত্র প্রতারকদের কথা মতো ৩০০০ টাকা পাঠিয়ে দেন। কিন্তু, পরে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বুঝতে পেরে তিনি হলদিয়া থানার দ্বারস্থ হন।

থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, এই প্রতারণার মূল হোতারা হলদিয়ায়ই রয়েছে। তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে এই প্রতারণা চালাচ্ছে।

পুলিশ প্রতারকদের গ্রেফতারের চেষ্টা করছে। এদিকে, সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।