Gyanvapi: বাবরির পর জ্ঞানবাপী! মন্দির ভেঙেই মসজিদ নির্মাণের উল্লেখ ASI রিপোর্টে?

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এনে হিন্দু পক্ষ দাবি করেছে যে, উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের নীচে একটি হিন্দু মন্দির ছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মসজিদের কাঠামো নির্মাণের জন্য পুরনো মন্দিরটির কিছু অংশ ব্যবহার করা হয়েছিল।
হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বলেন, “রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জ্ঞানবাপী মসজিদের নীচে একটি বিশাল হিন্দু মন্দির ছিল। মন্দিরের পিলার ও প্লাস্টারর সামান্য পরিবর্তন করেই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এছাড়াও, মসজিদের গায়ে থাকা দেবনগরী, তেলুগু ও কন্নড় ভাষার লিপিগুলি প্রাচীন হিন্দু মন্দিরে দেখা যায়।”
জ্ঞানবাপী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ছিল বলে দাবি করে হিন্দু পক্ষ। ১৬৬৯ সালে মোঘল সম্রাট আওরঙ্গজেব এই মন্দিরটি ভেঙে মসজিদ নির্মাণ করেন বলে ইতিহাসবিদদের একাংশের দাবি।
গত বছরের জুলাই মাসে হিন্দু পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বারাণসী জেলা আদালত ASI-কে মসজিদের বাইরে সার্ভে করার নির্দেশ দেয়। গত ডিসেম্বর মাসে ASI-এর সার্ভে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়।
রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষ দাবি করেছে যে, রিপোর্টে হিন্দু মন্দির থাকার কোনও প্রমাণ নেই।