স্বামীর পরিবারের সেবা না করার কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন না স্ত্রী: হাইকোর্ট

ভারতীয় সংস্কৃতি অনুসারে, বিয়ের পর স্ত্রী তার স্বামীর পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন। তাই স্বামীর পরিবারের বয়োঃজ্যেষ্ঠদের সেবা করা তার দায়িত্ব। এই দায়িত্ব অস্বীকার করে বিবাহবিচ্ছেদ চাইতে পারবেন না স্ত্রী। এক রায়ে এমনই নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট।
ঝাড়খণ্ডের এক মহিলা তার স্বামীর পরিবারের বয়োঃজ্যেষ্ঠদের সেবা করতে অপারক বলে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। সেই মামলায় বিচারপতি সুভাষ চাঁদ রায়ে উল্লেখ করেছেন, ভারতীয় সংস্কৃতিতে বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন। তাই তাদের দায়িত্ব-কর্তব্যও একই। স্বামীর পরিবারের বয়োঃজ্যেষ্ঠদের সেবা করা যেমন স্বামীর দায়িত্ব, তেমনই স্ত্রীরও দায়িত্ব।
বিচারপতি মনুস্মৃতির কথা উল্লেখ করে বলেছেন, কোনও পরিবারের বধূ খারাপ হলে পরিবারটি ছারখার হয়ে যায়। স্ত্রীর কাজ স্বামীকে বোঝা ও তাঁর পাশে থাকা।
বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত রায়ে জানিয়েছে, ওই মহিলাকে সংসার করতে হবে। বিয়ের পর বিবাহবিচ্ছেদ চাওয়ার কোনও মানে নেই। এমনকী মহিলা যে অন্তর্বর্তীকালীন খোরপোশ পাচ্ছিলেন তাও বন্ধ করে দিয়েছে আদালত। তবে সন্তানের দায়িত্ব স্বামীকেই নিতে হবে নির্দেশে স্পষ্ট জানিয়েছে আদালত। একই সঙ্গে নিজের পরিবারের থেকে স্বামীকে দূরে সরানোর চেষ্টা করায় মহিলাকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি।
এই রায়ের ফলে ভারতীয় সংস্কৃতির ধারায় বিবাহের গুরুত্ব আরও একবার প্রতিষ্ঠিত হল।