হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুন নাহার, মায়ের মৃত্যুতে শোকাহত আরিফিন শুভ

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহারের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র অঙ্গন। বুধবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুভর মা খাইরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২১ জানুয়ারি দুপুর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বুধরাত রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ তার মৃত্যু হয়।
শুভর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রের তারকারা। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “বাবা-মা হারানোর কষ্ট যে কোন সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভ’র শেষ আশ্রয় ছিল ওর মা।”
শুভ ২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন। এরপর ২০০৭ সালে তিনি নাটকে আত্মপ্রকাশ করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’, ‘মিশন এক্সট্রিম’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। গত বছর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।