সরকারি আধিকারিকের বাড়িতে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর হানা, উদ্ধার ১০০ কোটি টাকা!

তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর তল্লাশি অভিযানে ১০০ কোটি টাকার বহির্ভূত সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ১৬টি জায়গায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে নগদ ৪০ লাখ টাকা, দামি ঘড়ি, আইফোন, আইপ্যাড, সোনার গয়না, ফ্ল্যাটসহ একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর অ্যান্টি-কোরাপশন ব্যুরোর দাবি, ক্ষমতার অপব্যবহার করে শিব বালাকৃষ্ণ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছিলেন। এর বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছিলেন তিনি।

শিব বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের করা হয়েছে। অ্যান্টি-কোরাপশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি একাধিক ব্যাঙ্ক লকার সহ অন্যান্য সম্পত্তিরও হদিশ মিলেছে। নতুন করে ফের তল্লাশি অভিযান চালানো হতে পারে।

সম্প্রতি ঝড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে কয়েকশো কোটি টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর। এরপরই তেলঙ্গানার এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।