এটা ‘বোগাস’ যুক্তি, মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, পরীক্ষার সময় এগনো আদৌ যুক্তিযুক্ত নয়।

বিচারপতি বলেন, পৌনে ১২ টা থেকে পৌনে ১০ টায় পরীক্ষার সময় পরিবর্তনের সঠিক কারণ জানানো হয়নি। প্রশাসনিক কারণে করার কথা বলা হয়েছে। কিন্তু, কেন পরীক্ষার সময় এগনো হল, তা নিয়ে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পর্ষদ দিতে পারেনি।

বিচারপতি বলেন, সময় পরিবর্তন যেমন যুক্তিযুক্ত নয়, তেমন এবার এটা পরিবর্তন করতে বললে, সেটা নতুন করে সমস্যার সৃষ্টি করবে। তাতে আরও বিভ্রান্তি বাড়তে পারে পরীক্ষার্থীদের। সেই কারণে পুরনো সিদ্ধান্ত রাখার ব্যাপারে পক্ষপাতী আদালত।

আদালত রাজ্যের কাছে জানতে চায়, হঠাৎ পরীক্ষা শুরুর ১৫ দিন আগে আনা হল? কেন এই সময় পরিবর্তন? রাজ্য যুক্তি দেখায়, রাস্তার যানজট হওয়ার আশঙ্কায় সময় পরিবর্তন করা হয়েছে। বিচারপতি পালটা বলেন, এটা বোগাস যুক্তি। হঠাৎ এই বছর এই সময়ে আপনাদের এটা মনে পড়ল কেন?

আদালত জানায়, দরকার হলে হেল্প লাইন নাম্বার কাল থেকে চালু করবে রাজ্য। কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়লে তারা ওই নাম্বারের জানাবে। পুলিশ তাঁদের স্কুলে পৌঁছনোর ব্যাবস্থা করবে।

আদালত আরও বলেন, দায়িত্বজ্ঞানহীন ভাবে এই সব করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুলিশকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা জানায় আদালত।