ভরণপোষণের দাবিতে আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা, ৪ ছেলেকে কড়া নির্দেশ

জীবনের শেষ বয়সে ছেলেদের কাছে ভরণপোষণের জন্য আদালত দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধ বাবা। তিনি পেশায় ছিলেন একজন দিনমজুর। চার ছেলেকে শিক্ষিত করে তোলার জন্য জীবনের সমস্ত উপার্জন ব্যয় করেছিলেন তিনি। বৃদ্ধ বয়সে ছেলেরা তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করেন। এরপরেই তিনি আদালতের দ্বারস্থ হন।
জয়পুরের শাস্ত্রী নগরের বাসিন্দা গোপাল লাল জানান, চার ছেলে তাঁকে মারধর করে। যেটুকু জমানো টাকা রয়েছে, তাও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে আদালত যাতে ছেলেদের ভরণপোষণের নির্দেশ দেয়, সেই আবেদন করেন ভুক্তভোগী।
আদালত গোপাল লালের আবেদন মঞ্জুর করে। আদালতের নির্দেশে, বাবার ভরণপোষণ নিতে বাধ্য থাকবেন চার ছেলে। অসুস্থ হলে করতে হবে চিকিৎসাও। প্রতি মাসে গোপাল লালকে ২ হাজার টাকা ভরণপোষণ দিতে হবে। প্রত্যেক ছেলেকে ৫০০ টাকা করে দিতে হবে। আদালত নির্দেশ দিয়েছে, ছেলেরা যদি আদালতের নির্দেশ মানতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি অনুরূপ একটি ঘটনার সাক্ষী থেকেছে উত্তর প্রদেশের আগ্রা। দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ি চড়ে বেড়ায় ছেলে। কিন্তু বাবাকে দেখে না সে। বাধ্য হয়ে ৮০ বছরের বৃদ্ধ বাবার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। গুণধর ছেলের এ হেন কীর্তি প্রকাশ্যে আসার পর উঠেছিল নিন্দার ঝড়।