‘১১ দিন উপোস করলে সুস্থ থাকা সম্ভব নয়’, প্রধানমন্ত্রীর উপবাস নিয়ে সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতার

রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আচার পালনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ দিনের উপবাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। তিনি দাবি করেছেন, ১১ দিন টানা উপবাস করা কারোর পক্ষে সম্ভব নয়।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মইলি বলেন, একজন চিকিৎসকের পরামর্শে তিনি এই মন্তব্য করেছেন। চিকিৎসক জানিয়েছেন, টানা ১১ দিন উপবাস করা কারোর পক্ষে সম্ভব নয়। এতে জীবন সংশয় হতে পারে।
১১ দিন উপবাসের পর প্রধানমন্ত্রীকে যেভাবে শক্ত ও সবল দেখা গেছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মইলি। তিনি প্রশ্ন তুলেছেন, আদৌও তিনি উপবাস করেছেন কীনা। এখানেই থেমে থাকেন নি মইলি। উপবাস না করে প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে থাকলে, জায়গাটি অপবিত্র হয়েছে বলে দাবি করেছেন।
মইলির মন্তব্যের নিন্দা করে বিজেপি সাংসদ লাহার সিং সিরোয়া বলেন, মইলিকে গান্ধী পরিবারকে খুশি না করে, রামের প্রতি বিশ্বাস রাখার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, রামের প্রতি বিশ্বাস থাকলে, কোনও কিছুই অসম্ভব নয়।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। তিনি বলেন, বর্তমান দেশে এমন একটি পরিস্থিতির তৈরি হয়েছে যে ধর্মীয় উপাসনালয়ের উদ্বোধন সরকারি অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। তিনি বলেন, সংবিধান রক্ষার অঙ্গীকার করেছেন, তাঁদের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার চরিত্রের প্রতি আনুগত্য প্রকাশ করা উচিত।