রাম মন্দির উদ্বোধনের পর রামলালার নতুন নাম, কী নামে ডাকা হবে রামলালাকে?

মহা ধুমধাম করে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির। সোমবার কোষ্ঠিপাথরের গড়া শ্যামশিলার রামমূর্তিটিতে প্রাণ সঞ্চার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ বছর বয়সী সেই রামলালার মূর্তি মুগ্ধ করেছে রাম ভক্তদের।

রাম মন্দির উদ্বোধনের পর রামলালার মূর্তিটির নতুন নামকরণ করা হয়েছে। এবার থেকে রামলালাকে ডাকা হবে ‘বালক রাম’ নামে।

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সঙ্গে জড়িত পুরোহিত অরুণ দীক্ষিত বলেন, “রামলালার মূর্তিটি তাঁর পাঁচ বছর বয়সী রূপ ফুটিয়ে তুলেছে তাই এই নাম দেওয়া হয়েছে।”

অরুণ দীক্ষিত আরও বলেন, “প্রথমবার যখন আমি এই মূর্তিটি দেখেছিলাম, চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। সেই মুহূর্তের অনুভূতি আমি ভাষায় বর্ণনা করতে পারব না।”

রামলালার নতুন নামের সঙ্গে তাল মিলিয়ে রাম মন্দিরটিরও নাম পরিবর্তন করা হয়েছে। এবার থেকে অযোধ্যার এই রাম মন্দির পরিচিত হবে বালক রাম মন্দির হিসেবে।

বালক রাম মন্দিরে রামলালার পুজো পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে রামলালার পুজো দিনে আট প্রহরে ও রাতে ছয় বার করা হবে। প্রতি প্রহরে রামলালার অষ্টনাম সেবা ও আরতি করা হবে।

আরতিতে মঙ্গল, শৃঙ্গার, ভোগ, সাধনা, শয়ন থাকবে। রামলালাকে জাগানোর জন্য মঙ্গল আরতি, শৃঙ্গার করার সময় শৃঙ্গার আরতি, ভোগ দেওয়ার সময় ভোগ আরতি, খারাপ নজর থেকে বাঁচাতে উত্থাপন আরতি এবং ঘুম পাড়ানোর সময় শয়ন আরতি করা হবে। এরই মাঝে হবে মহারতি।

রামলালার ভোগে পুরী-সবজি, রাবড়ি-ক্ষীর দেওয়া হবে। দুপুরের পর থেকে প্রতি ঘণ্টায় তাঁকে দুধ-ফল এবং পেঁড়া দেওয়া হবে।

সোমবার থেকে রবিবার পর্যন্ত আলাদা আলাদা পোশাক পরবেন রামলালা। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরবে। শুক্রবার ক্রিম, শনিবার নীল এবং রবিবার গোলাপী রঙের পোশাক পরবেন রামলালা। বিশেষ বিশেষ দিনে পীতাম্বর সাজে সজ্জিত হবেন রামলালা।

এই পরিবর্তনগুলি রাম ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।