চোখের সমস্যায় ভুগছেন সাকিব, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বাংলাদেশের এই ক্রিকেটার

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। এই সমস্যার চিকিৎসার জন্য তিনি ভারত, লন্ডন ও সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার সমস্যার সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

বিশ্বকাপের সময় চোখে সমস্যা ধরা পড়লে চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন সাকিব। এরপর ঢাকায় এসেও চিকিৎসক দেখান। বিপিএলের ঠিক আগে লন্ডন থেকেও চিকিৎসক দেখান।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ভারত ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতে অমিল আছে। তাই সাকিবকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

সিঙ্গাপুরে র‌্যাফেলস আই সেন্টারে সাকিবের চোখের পরীক্ষা হবে সোমবার। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে সাকিবের চোখের চিকিৎসা কীভাবে হবে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের এই সমস্যা সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি নামে পরিচিত। অতিরিক্ত মানসিক চাপে থাকলে সাকিবের চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে। সেটাই তাঁর দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে।

চোখের এই সমস্যার চিকিৎসা হতে পারে লেজার, ইনজেকশন এবং ওষুধের মাধ্যমে। অনেক সময় অস্ত্রোপচারও করতে হয়। আবার কারোর ক্ষেত্রে বড় কোনও চিকিৎসা ছাড়াই সেরে যায়। তবে সেটি সময়সাপেক্ষ।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা তাঁর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে, তাদের পরিকল্পনা আছে সব চিকিৎসকের মতামত নিয়ে বাংলাদেশের কোনও অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার। তবে সিঙ্গাপুরের চিকিৎসক যদি তাৎক্ষণিক কোনও চিকিৎসার পরামর্শ দেন, তাহলে চিকিৎসা সেখান থেকেই করে ফিরবেন সাকিব।”

চোখের সমস্যার কারণে সাকিব বিপিএলের পরের তিনটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী আধিকারিক ইশতিয়াক সাদেক।