বিশেষ: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে সারাদিনে যা হলো, জেনেনিন সম্পূর্ণ বিবরণ

অযোধ্যায় রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন মোদী। এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। মোদী এতে নেতৃত্ব দেন।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন মোদী
এ সময় মোদীর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আবন্দীবেন প্যাটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএএস) প্রধান মোহন ভাগবত। মোদী হাতে পদ্মফুল নিয়ে পুজা করেন।
এদিন স্থানীয় সময় সকাল ১০টার পর মোদী অযোধ্যায় পৌঁছান। এ সময় তাকে বহনকারী হেলিকপ্টার থেকে নেওয়া অযোধ্যার একটি ভিডিও শেয়ার করেন মোদী।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব শেষে রামমন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে ১১ দিনের উপোষ ভাঙেন ভারতীয় প্রধানমন্ত্রী। এখানে হাত জোড় করে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।
যে স্থানটিতে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল বলে হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করে।
বিবিসি জানিয়েছে, ৭০ একরের একটি কমপ্লেক্সের ৭ দশমিক ২ একর জায়গাজুড়ে তিন তলা মন্দিরটি বানানো হয়েছে। নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি চুনাপাথর ও কালো গ্রানাইট পাথর। আর এতে ব্যয় হয়েছে ২১ কোটি ৭০ লাখ টাকা।
মোদী শুধু মন্দিরের নিচ তলাটি উদ্বোধন করেছেন। মন্দিরের বাকি অংশেরর নির্মাণ কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় ব্যাপক আয়োজন করা হয়েছে। ভারতের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৮০০০ আমন্ত্রিত অতিথি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র তারকা, শিল্পপতি ও ক্রিকেট তারকারাও রয়েছেন।
সোমবার উদ্বোধন হলেও এদিন শুধু আমন্ত্রিত অতিথিরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। সাধারণ দর্শনার্থীরা মঙ্গলবার থেকে সকাল ও বিকালে নির্ধারিত সময়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন।