Ram Lala: ১৪ ফুটের রাম মূর্তি করেছেন নির্মাণ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই পুজো দিলেন রামভক্ত

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই বর্ধমান জেলার কালনাতেও ১৪ ফুটের রাম মূর্তি পুজোর আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের নেতা রামভক্ত সমীর দাস জানান, তিনি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাম মন্দির উদ্বোধনের খবর শুনেই তিনি এই মূর্তি তৈরির সিদ্ধান্ত নেন।

মূর্তিটি তৈরি করেছেন কালনার শিল্পী জগত মণ্ডল। তিনি জানান, রামচন্দ্র বনবাসে ছিলেন ১৪ বছর। সেই কথা মাথায় রেখেই ১৪ ফুটের এই মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তিটি মার্বেল ডাস্ট ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি। খরচ হয়েছে দেড় লাখ টাকা।

সোমবার সকালে কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায় বেদি বানিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। পুজো অর্চনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি।

সমীর দাস জানান, ভবিষ্যতে এখানে একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, উত্তর প্রদেশে রাম মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠায় অনেকেই যেতে পারবেন না। সেক্ষেত্রে নিজের উদ্যোগে তৈরি এই মূর্তি পুজো করেই তাঁর ইচ্ছা পূরণ করছেন তিনি।

এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উৎসাহিত হয়ে উঠেছেন। সকাল থেকেই পুজোর জন্য এলাকায় মানুষের ভিড় জমে উঠেছে।