ফি জমা এবার আরও সহজ হবে অনলাইনে, নয়া প্রযুক্তি আনছে KMC

কলকাতা পুরসভার ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও আধুনিক এবং স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রযুক্তিতে অনলাইনে কর সহ অন্যান্য ফি প্রদানের ক্ষেত্রে নাগরিকদের কোনওরকম ঝক্কি পোয়াতে হবে না বলেই দাবি করছে পুরসভা।
বর্তমানে কলকাতা পুরসভার ই-ডিস্ট্রিক্ট ১.০ সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যায়। তবে এই সিস্টেমে বেশ কিছু অসুবিধার মধ্যে পড়তে হয় নাগরিকদের। যেমন, কখনও ঠিক করে অনলাইন পেমেন্ট হচ্ছে না, হলেও কিছু বাদে তা ফেরত চলে আসছে ব্যবহারকারীর অ্যাকাউন্টে।
এই সমস্যাগুলি সমাধান করতে কলকাতা পুরসভা ‘গ্রিপ্স’ নামে একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে। ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই নতুন ব্যবস্থা পরিচালনা করবে।
নতুন সিস্টেমে অনলাইনে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত সুবিধাগুলি থাকবে:
পেমেন্ট খুব সহজেই সম্ভব হবে।
পেমেন্ট আটকে যাওয়ার বা ‘আনসাকসেসফুল’ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আগে পেমেন্ট এর ক্ষেত্রে অসুবিধা হলে ফের পুরসভায় সংশ্লিষ্ট দফতরে ছুটতে হতো নাগরিকদের, সেই সমস্যার অনেকটাই নিরসন হবে।
কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত বিষয়ে প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকার পেমেন্ট নিয়ে এর আগে সমস্যা হয়েছে। একাধিক অভিযোগ জমা পড়েছিল পুরসভায়। ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সম্পর্কিত অনলাইন ফি জমা দেওয়ার পরেও নানা অভিযোগ আসত। অথচ, পুরসভার তরফে কোনও গাফিলতি ছিল না। সেই কারণে অনলাইন ব্যবস্থা আরও আধুনিকীকরণের পথে হাঁটল কলকাতা পুরসভা।
কিছুদিনের মধ্যেই এই নতুন পরিষেবা চালু করা হবে।