রাম মন্দির উদ্বোধনী কর্মসূচিতে বাধা দিলেই মিলবে আইনি সাহায্য, হেল্পলাইন নম্বর চালু BJPর

রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশ মেতে উঠেছে। এই সুযোগে রাজ্য রাজনীতিতেও উত্তাপ বাড়ছে। রাম মন্দির উদ্বোধনের জন্য মিছিল বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নতুন উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। রবিবার থেকেই চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর।
এই হেল্পলাইন নম্বরটি হল ৭৬০৫০-২৬১১৫। রাম মন্দির উদ্বোধন ঘিরে বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই এই নম্বরে ফোন করলে মিলবে যে কোনওরকম সহায়তা। কোনও অশান্তি, বাধা প্রদান দেখলেই এই নম্বরে যোগাযোগ করা যাবে।
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রামমন্দির উদ্বোধনকে কখনওই ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখি না। এই মন্দির ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক। সেই কাজে বাধা দেওয়া হলে তা রোখার চেষ্টা করব আমরা। সেই কারণে দলীয় উদ্যোগে এই নম্বর চালু করা হল।”
বঙ্গ বিজেপির তরফে রাম মন্দির উদ্বোধনের একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলার প্রতি বুথের অন্তত একটি হলেও মন্দিরে পুজোর আয়োজন করতে হবে। সেই মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে প্রসাদ বিলি করতে হবে। সকাল বা সন্ধায় ‘নগরকীতর্ন’ করতে হবে। এছাড়া এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রদীপ বিলি করে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জানাতে হবে। সমস্ত বুথের অন্তত ৫০টি বাড়িতে যাতে প্রদীপ জ্বলে, তা নিশ্চিত করতে হবে।