Ram Mandir: কেন রাম মন্দিরের LIVE টেলিকাস্টে নিষেধাজ্ঞা তামিলনাড়ুতে? ক্ষোভ প্রকাশ নির্মলার

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার নিষিদ্ধ করায় তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি দাবি করেছেন, তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এন্ডোসমেন্ট (HRCE)-কে নির্দেশ দেওয়া হয়েছে শ্রী রামের পুজো বা নৈবিদ্য় নিবেদন না করার জন্য।

সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নির্মলা সীতারমন লিখেছেন, “তামিলনাড়ু সরকারের এই হিন্দু বিরোধী, ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।” তিনি আরও লিখেছেন, “রাম মন্দির উদ্বোধনের দিন তামিলনাড়ুর পুলিশও মন্দিরগুলিকে অনুষ্ঠান আয়োজন করার থেকে বিরত রাখছে। সংগঠকদের হুমকি দেওয়া হচ্ছে প্যান্ডেল ছিঁড়ে দেওয়ার।”

অন্যদিকে, রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর ধনুষতোটির কাছে আরিচাল মুনাই পরিদর্শন করেছেন। কথিত আছে, ভগবান রাম ধনুষতোটিতেই থেকে রাবণকে পরাজিত করার ব্রত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী ধনুষতোটির শ্রী কোথান্দারাম স্বামী মন্দিরেও পুজো করেছেন।

এদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আকাশপথেও জোর নজরদারি চলছে। ফুল আর আলোতে গোটা মন্দির চত্বর সেজে উঠেছে।

বিরোধীরা দাবি করছেন, রাম মন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী মোদীর পুজো দেওয়ার বিষয়টি পুরোটাই রাজনৈতিক।