Ram Kit: হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে রাম কিট! মাত্র ৭ টাকার ‘সঞ্জীবনী” ওষুধ ঘিরে শোরগোল

সারা দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ছে। এই সময়ে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। চিকিৎসকদের মতে, ঠান্ডায় রক্ত ঘন হয়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সময় মতো চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে।
হার্ট অ্যাটাক হলে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু অনেক সময় রোগী বা তার পরিবারের সদস্যরা বুঝতে পারেন না যে, হার্ট অ্যাটাক হয়েছে। ফলে সময় নষ্ট হয়ে যায়।
এই সমস্যা সমাধানের জন্য উত্তর প্রদেশের কানপুরের লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কার্ডিওলজিস্ট নীরজ কুমার একটি কিট তৈরি করেছেন। এই কিটের নাম দেওয়া হয়েছে ‘রাম কিট’।
এই কিটে রয়েছে তিনটি ওষুধ:
সরবিট্রেট: হৃদপিণ্ডের ভালো কার্যকারিতার জন্য
ইকোসপ্রিন: রক্ত পাতলা করতে সাহায্য করে
রোসুভাস্ট্যানিন: কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
এই ওষুধগুলি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। হার্ট অ্যাটাক হলে রোগীকে এই ওষুধগুলি খেলে হাসপাতালে নেওয়ার সময় চিকিৎসকরা রোগীর মূল্যায়ন ও যত্ন নেওয়ার জন্য বেশি সময় পান। ফলে জীবনের ঝুঁকি কমে।
‘রাম কিট’-এর দাম মাত্র ৭ টাকা। এই কিট তৈরি করা হয়েছে দরিদ্র মানুষের কথা ভেবে।
চিকিৎসক নীরজ কুমার বলেন, “রাম কিট’-এর ওষুধগুলি রক্ত পাতলা করে, শিরার ব্লকেজ খুলে হৃদরোগীদের জীবন বাঁচানোর ক্ষমতা রাখে। জীবন বাঁচাতে পারে এমন ওষুধের নাম এর চেয়ে আর ভালো কী হতে পারে?”
তিনি আরও বলেন, “বুকে ব্যথা হলে, সঙ্গে সঙ্গে ‘রাম কিট’-এর ওষুধ খেয়ে নিকটতম হাসপাতালে যাওয়ার ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছি।”
পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না
হার্ট ও কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন এমন রোগীদের এই ধরনের ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা। অনেক রোগীকে আবার এসব ওষুধ নিয়মিত খেতে হয়। তবে এই ওষুধগুলির মধ্য়ে কিছু কিছু ওষুধ হার্ট অ্যাটাকের মতো গুরুতর পরিস্থিতির জন্য দেওয়া হয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই এই ওষুধগুলি গ্রহণ করা উচিত নয়। সবসময়ই চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া উচিত।
‘রাম কিট’-এর ভবিষ্যত
অনেকে মনে করছেন ভগবান রামের নামে উৎসর্গিত এই ‘রাম কিট’ আগামী দিনে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে।