কল্যাণী ITI মোড়ের ২০২৪ সালের পুজোর থিম কী? যা বললেন ক্লাবকর্তা

কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো গত দুই বছর ধরে অন্যতম ক্রাউড পুলার হয়ে উঠেছে। বিদেশি স্থাপত্যের আদলে তৈরি মণ্ডপ ও ঝলমলে আলোকসজ্জায় দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে এই পুজো।

২০২৪ সালের পুজোর প্রস্তুতি কতদূর এগোল? এবারের থিম কী? বাজেট কত? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইলে ক্লাবের অন্যতম কর্ণধার অরূপ মুখোপাধ্যায় বলেন, “ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা বসব। কতগুলো থিম নিয়ে ভেবেছি, চূড়ান্ত করব ফেব্রুয়ারিতে। তবে নিশ্চিতভাবে থিম কী বা কীসের আদলে তৈরি হবে এবারে মণ্ডল, সেই নিয়ে এখনই কিছু বলতে পারছি না। নিশ্চয়ই চমক থাকবে, আবার সেরার জায়গাতেই থাকব।”

এবারও কি তাহলে বিদেশি কোনও স্থাপত্যের আদলে তৈরি হবে মণ্ডপ, নাকি দেখা যাবে দেশিয় কোনও স্থাপত্যের অনুকরণ? উত্তরে অরূপ মুখোপাধ্যায় বলেন, “আগে আমরা দেশিয় মডেলের মন্দির প্রচুর করেছি। সোমনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির আমরা করেছি। সেগুলি হয়ে গিয়েছে। সেগুলি করার পরেই আমরা টুইন টাওয়ার বা এইসবের দিকে গিয়েছি। সবচেয়ে বড় কথা মানুষ কী চাইছেন, দর্শনার্থীরা কী চাইছেন সেইটা দিতে হচ্ছে। দর্শনার্থীদের চাওয়াটাকেই গুরুত্ব দেব।”

বাজেট কত হবে? এই প্রশ্নের উত্তরে অরূপ মুখোপাধ্যায় বলেন, “বাজেট নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে এবারেও সেরা হতেই ময়দানে নামব আমরা।”

কল্যাণী লুমিনাস ক্লাবের পুজোর থিম ও বাজেট নিয়ে এখন থেকেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হচ্ছে।