প্রায় ৮০০ কিলোমিটার পথ, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে বাইক নিয়ে রওনা দুই বন্ধুর

২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পশ্চিমবঙ্গের দুই যুবক বাইকে রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশে।

কাঁকসা থানার পানাগড়ের দার্জিলিং মোড়ের হনুমান মন্দির থেকে বাইক নিয়ে রওনা দিয়েছেন সৌরভ মুখোপাধ্যায় ও রাজা ঘোষ। তারা রাম ভক্ত এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। শুধুমাত্র শ্রীরামের টানেই তারা অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সৌরভ মুখোপাধ্যায় বলেন, “আমরা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রওনা দিয়েছি। আমাদের যাত্রা শুরু হয়েছে আজ, ২০ জানুয়ারি। আমাদের লক্ষ্য হল আগামীকাল সকালেই অযোধ্যা পৌঁছানো। আমরা মোট ৭৫০ থেকে ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করব। আমাদের প্রচুর উৎসাহ এবং পানগড়ের দাদারা আমাদের ভীষণ সাপোর্ট করেছে।”

এর আগে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সৌমিক গোলদার এবং রাকেশ মণ্ডল সাইকেলে চেপে রাম মন্দিরের উদ্দেশে রওনা দেন। তার মধ্যে সৌমিক গোলদারের ডান পা সাত মাস আগে অস্ত্রোপচারে বাদ যায়। কিন্তু এই প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি রাম মন্দিরের সূচনা লগ্নে সেখানে উপস্থিত থাকার পরিকল্পনা করেন।

সৌমিক গোলদার বলেন, “আমরা প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটার করে চালিয়ে রাম মন্দিরে পৌঁছানোর পরিকল্পনা করেছি। ক্যাম্প, গরম পোশাক ও অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমরা বেরিয়েছি। এতটা পথ অতিক্রম করার জন্য অবশ্য প্রথমে আমার বাড়ির লোকেরা আমাকে ছাড়ছিলেন না। পরে অবশ্য তাঁদের বুঝিয়েই শ্রীরামের প্রতি ভক্তি নিয়ে অযোধার পথে বেরিয়ে পড়েছি।”

এই দুই যুবকের এই যাত্রা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাদের এই উদ্যোগকে অনেকেই রামভক্তির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।