সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট বাংলার এই জেলায়, চরম যাত্রী হয়রানির সম্ভাবনা

রাজ্য সড়কের উপর বিনা পারমিটের অটো ও টোটোর দৌরাত্ম্যের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলায় আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহণ সংস্থা। এই সিদ্ধান্তের ফলে জেলার নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে।

জেলা পরিবহণ সংস্থার সম্পাদক তপন কুমার অধিকারী বলেন, “রাজ্য সড়কের উপর বিনা পারমিটের অটো ও টোটোর দাপটে যাত্রীবাহী বাস মালিকরা লোকসানের মুখে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছি।”

তিনি আরও বলেন, “আগামী রবিবার পর্যন্ত সমস্যার সমাধান না হলে জেলাজুড়ে ‘চাক্কা জ্যাম’-এর ডাক দেওয়া হবে।”

এদিকে, বাস ধর্মঘটের ঘোষণায় বাস কর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, “করোনা আবহে অনেকেই কর্মহীন হয়েছেন। আমরা নো ওয়ার্ক নো পে হিসাবে কাজ করি। আবার ধর্মঘটে গেলে মজুরিও পাওয়া যাবে না।”

মুর্শিদাবাদ জেলায় ৫০০-র বেশি বেসরকারি বাস চলাচল করে। প্রায় পাঁচ হাজার ২০০ জন পরিবহণ শ্রমিক কাজ করেন।

মুর্শিদাবাদ মোটর শ্রমিক সমম্বয় কমিটির কার্যকরী সভাপতি রঞ্জিত ঘোষ বলেন, “এভাবে ধর্মঘটের ডাক দিয়ে শ্রমিকদের রুটিরুজিতে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি প্রশাসনের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে পারত।”