‘বাবরের বাবরি নেই, রাস্তার কী দরকার!’ অযোধ্যা মার্গের দাবিতে হিন্দু সেনারা

শনিবার সকালে দিল্লির বাবর রোডের পথ নির্দেশিকা বোর্ডের উপর অযোধ্যা মার্গের পোস্টার সাঁটানো হয়েছে। এই পোস্টার সাঁটিয়েছে হিন্দু সেনা। সংগঠনের দাবি, দিল্লির এই পথের নাম বদল করে রাখা হোক অযোধ্যা মার্গ।

নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই পোস্টারগুলি সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় পুলিশ অভিযোগও দায়ের হয়েছে। তবে আচমকা রাজধানী শহরে পথ নির্দেশিকা বোর্ডের উপর এই পোস্টার সাঁটানোর ভিডিয়ো দেখে শোরগোল পড়ে যায়।

সোমবার রাম মন্দিরে মহোৎসব। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রাম মন্দিরের উদ্বোধনের দু’দিন আগে রাজধানী শহরে এই ধরণের ঘটনা নিয়ে তদন্তে নেমে পুলিশ।

দীর্ঘদিন ধরেই দিল্লির এই বাবর রোডের নাম পরিবর্তনের দাবি ছিল হিন্দু সেনার। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একাধিকবার চিঠি লিখে এই রাস্তার নামবদল করে অযোধ্যা মার্গ রাখার দাবি জানিয়েছিল এই সংগঠন।

হিন্দু সেনার পক্ষ থেকে বলা হয়, “ভগবান শ্রীরাম, শ্রী কৃষ্ণ, ঋষি বাল্মিকীর দেশ ভারত। অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। বাবরের বাবরি যখন আর নেই। তাহলে দিল্লিতে বাবর রোডের দরকার কী?”

রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাম মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েকঘণ্টা বাকি। গোটা দেশ জুড়ে রাম ভক্তরা অপেক্ষা করছে ২২ জানুয়ারির পবিত্র মুহূর্তের।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দ্বারোদঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অযোধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ফুলে ফুলে সাজিয়ে তোলা হচ্ছে গর্ভগৃহ।

জানা গিয়েছে, রবিবারই অযোধ্যায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রামলালার আবরণমুক্ত ছবি প্রকাশ্যে এসেছে। মূর্তিটি তৈরি করেছেন দক্ষিণের শিল্পী অরুণ যোগীরাজ।

২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। শেষ হবে দুপুর ১টায়। অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় রয়েছেন সাত হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার।