রাম মন্দিরের প্রসাদ মিলছে অ্যামাজনে! বিজ্ঞাপন দেখেই নোটিশ ধরাল কেন্দ্র সরকার

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই প্রসাদের নামে গ্রাহকদের প্রতারণা শুরু করেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন। এই অভিযোগে কেন্দ্র সরকারের তরফে অ্যামাজনকে সাতদিনের মধ্যে জবাব দিতে নোটিশ পাঠানো হয়েছে।

অ্যামাজনের ওয়েবসাইটে ‘শ্রীরাম মন্দির অযোধ্যার প্রসাদ’, ‘রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রাম মন্দির প্রসাদ’, ‘খোয়া খোবি লাড্ডু’, ‘রাম মন্দির অযোধ্য প্রসাদ দেসি গোরুর দুধের পেঁড়া’-র মতো প্রোডাক্টগুলি বিক্রি হচ্ছে। ৩০০, ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে সেগুলি। সবক’টিতেই রয়েছে ফ্রি ডেলিভারি অফার। যে প্রান্ত থেকেই অর্ডার দেওয়া হোক না কেন, ২২ জানুয়ারি ডেলিভারি পাকা।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) তরফে অ্যামাজনের বিরুদ্ধে এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহকদের রাম মন্দিরের প্রসাদের নাম করে সাধারণ লাড্ডু বিক্রির চক্র ফেঁদেছে তারা।

দ্য সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে এই ধরণের ভাঁওতা কাম্য নয়। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে একটি সাধারণ প্রোডাক্টে বিশেষ ধরণের বৈশিষ্ট্য আছে বলে বিক্রি করা, গুরুতর অপরাধ।

CCPA-এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ভুয়ো তথ্য দিয়ে, গ্রাহকদের প্রতারিত করে একটি নির্দিষ্ট নাম নিয়ে অনলাইনে মিষ্টি বিক্রি করা হচ্ছে। এই ধরণের কারবার গ্রাহকদের জিনিসটি কিনতে প্রভাবিত করছে। কেবলমাত্র সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে গ্রাহকদের কেনার সিদ্ধান্ত নিয়ে বাধ্য করা হচ্ছে। হয়তো এই লাড্ডুটিতে রাম মন্দিরের প্রসাদের ট্যাগ না থাকলে গ্রাহকরা তা চট করে কিনে ফেলার সিদ্ধান্ত নিতেন না।’

CCPA অ্যামাজনকে সাতদিনের মধ্যে উত্তর দিতে বলেছে। এই সময়ের মধ্যে সঠিক জবাব না দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে CCPA।

অ্যামাজন এই নোটিশ নিয়ে এখনও কিছু জানায়নি। তবে বর্তমানে আর সাইটে এই ধরণের মিষ্টিগুলি সার্চ করতে আর কোনও হদিশ মিলছে না।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই এই ধরনের প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। কেন্দ্র সরকারের তরফে অ্যামাজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।