শনাক্ত হল করোনার নতুন ধরন ‘JN1’, উদ্বেগ বাড়ছে বাংলাদেশে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পরই বাংলাদেশে শনাক্ত হল করোনা ভাইরাসের নতুন ধরন ‘JN1’। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পাঁচজন ব্যক্তির নমুনা পরীক্ষায় JN1 ধরা পড়েছে। এই পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের বাসিন্দা।
JN1 হল করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের একটি উপধরন। এই উপধরনটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তবে WHO-এর তথ্য অনুযায়ী, JN1 জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ। আগের ভ্যারিয়েন্টের চেয়ে এটি বেশি ক্ষতিকারকও নয়।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, বাংলাদেশে JN1 শনাক্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, সরকার আড়াই কোটি ডোজ টিকা সংগ্রহ নিশ্চিত করেছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ হিসেবে সেই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের পরামর্শে, করোনা ভাইরাসের নতুন ধরনের প্রকোপের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এলাকায় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সার্জারি অথবা অন্য কোনও রোগের চিকিৎসার ক্ষেত্রে কোভিড-এর লক্ষণ বা উপসর্গ থাকলে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়েছে।