প্রশান্ত কিশোরের জন সূরয কর্মসূচির টাকা জোগায় কে? জানালেন প্রশান্ত কিশোর নিজেই

ভোট কৌশলী থেকে পুরোদস্তুর রাজনীতিক হওয়ার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর। বিহার জুড়ে চলছে তাঁর ‘জন সূরয যাত্রা’। এই কর্মসূচির তহবিল জোগার হয় কী ভাবে? এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জবাব দিয়েছেন পিকে।

পিকের কথায়, গত চার-পাঁচ বছর ধরে যে সব সংগঠনকে তিনি চাঙ্গা করে তুলতে সাহায্য করেছেন তাঁরাই তাঁর কোনও না কোনও সাহায্য করেছেন। বছরের পর বছর ধরে সেই মানুষগুলো বা তাঁদের সমর্থকরা সাহায্য করছেন আমায়। তাই এত বড় প্রচার সূচি চালানো সম্ভব হচ্ছে।

পিকের ভাষায়, “যাঁদেরকে একদিন তিনি সাহায্য করেছিলেন তাঁরাই আজ তাঁকে সাহায্য করেন। তাঁর ক্লায়েন্টরাই সাহায্য করেন তাঁকে।”

২০২১-এর নির্বাচনে ভোট কৌশলের জন্য বেশ চর্চায় এসে পড়ে পিকের সংস্থা আইপ্যাক। গোড়া থেকেই ফিল্ড ওয়ার্কের জন্য বিখ্যাত এই ভোটকুশলী সংস্থাটি। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচন মেটার পর আইপ্যাক ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর। তাই বলে আইপ্যাকের সঙ্গে যে তাঁর সম্পর্ক একেবারে চুকে গিয়েছে তা বলা যায় না।

পিকে বলেন, “আইপ্যাকের কয়েক জন কর্মীও আমার এই কর্মসূচিতে সাহায্য করছেন।”

তবে পিকে কোনও নির্দিষ্ট নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, “অনেক মানুষই আমার এই কর্মসূচিতে সাহায্য করছেন।”