“ছেলেবেলায় যদি আমিও এমন বাড়িতে থাকতে পারতাম…”, চোখে জল এলো মোদীর!

মহারাষ্ট্রের সোলাপুর জেলার রায়নগরের একটি হাউজিং সোসাইটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ৯০ হাজারেরও বেশি বাড়ির চাবি হস্তান্তর করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগপ্রবণ হয়ে পড়েন। নিম্নবিত্ত মানুষের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন পূরণ হতে দেখে তিনি কান্না চেপে রাখতে পারেননি।

এদিন আবেগঘন গলায় প্রধানমন্ত্রী বলেন, “মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলি আজ দেশের সবচেয়ে বড় হাউজিং সোসাইটি থাকার সুযোগ পেলেন। এটা দেখে আমার যে কী আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না।” বলতে বলতেই কেঁদে ফেলেন মোদী। গলা ধরে আসে তাঁর। ইমোশনাল মুহূর্তের ভিডিয়ো সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ছেলেবেলায় তাঁরও এমন স্বপ্ন ছিল তবে তা পূরণ হয়নি সে সময়। এ কথাও উল্লেখ করেন আবেগপ্রবণ প্রধানমন্ত্রী।

এদিন নরেন্দ্র মোদী বলেন, “আমি অত্যন্ত খুশি। আমরা যে সংকল্প নিয়েছিলাম, হাজার হাজার গরিব মানুষ, শ্রমিক আজ সোলাপুরের এই হাউজিং সোসাইটিতে মাথা গোঁজার ঠাঁই পেলেন। তাঁদের স্বপ্ন পূরণ হল। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এই সর্ববৃহৎ হাউজিং সোসাইটি তৈরি করা হল। আমার মনে হচ্ছে যদি ছেলেবেলায় দেখা আমার স্বপ্নটাও তখন এভাবে পূরণ হত…”।

রাম মন্দির নিয়েও এদিন আবেগঘন সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, “প্রভু শ্রীরামের আদর্শে অনুপ্রাণিত আমরা। আপনাদের সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছি। সততার প্রতিশ্রুতি দিচ্ছি। যবে থেকে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, সে সময় থেকেই আমরা সুদিনের অপেক্ষা করছি। এমনই একটি সুদিন আজ। আমি গ্যারান্টি দিয়েছিলাম মহারাষ্ট্রের এই মানুষগুলো মাথার উপর ছাদ পাবে। সেই গ্যারান্টি পূর্ণ হয়েছে। ঠিক এভাবেই মনে রাখবেন, মোদীর গ্যারান্টি মানে, গ্যারান্টি কে পুরা হোনে কি গ্যারান্টি”।